লর্ডসে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১:৩৬ এএম
লর্ডসের ঐতিহাসিক মাঠে টি-টোয়েন্টিতে নেপালের মুখোমুখি হওয়ার অপেক্ষায় বাংলাদেশ। ছবি: সংগৃহীত (সূত্র: বার্তা প্রতিদিন)
ইংল্যান্ড সফরের অংশ হিসেবে আগামী ২০২৭ সালের ৩ জুন ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এর মাধ্যমে বিখ্যাত এই মাঠে প্রথমবারের মতো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব অর্জন করতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) সম্প্রতি এই সূচির বিষয়টি নিশ্চিত করেছে।
২০২৭ সালের মে মাসের শেষ সপ্তাহে ইংল্যান্ডের মাটিতে একটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের, যার মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর লর্ডসে ফিরবে জাতীয় দল। সেই ব্যস্ত গ্রীষ্মকালীন সূচির সঙ্গেই যুক্ত হলো নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটি। আগামী ৩ জুন লর্ডসে আয়োজিত এই ম্যাচের দিনই মিডলসেক্সের টি-টোয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে লর্ডসের ইতিহাসে এই প্রথম একই দিনে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের জোড়া লড়াই দেখার সুযোগ মিলবে।
বাংলাদেশ ও নেপালের টেলিভিশন দর্শকদের সুবিধার্থে খেলার সময়সূচি বিশেষভাবে তৈরি করা হবে। উল্লেখ্য, নেপাল তাদের এই সফরের অংশ হিসেবে আইরিশ ও স্কটল্যান্ড দলের বিরুদ্ধেও প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। এর আগে ২০২৬ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে লর্ডসে অভিষেক করেছিল বাংলাদেশের নারী ক্রিকেট দল।
ঐতিহাসিক এই অর্জনকে বাংলাদেশ ক্রিকেটের জন্য এক অনন্য মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, “ক্রিকেটের হোম অব ক্রিকেটখ্যাত লর্ডসে খেলা বাংলাদেশ দলের জন্য বিশেষ একটি উপলক্ষ। ২০২৭ সালের জুনে নেপালের বিপক্ষে এই ঐতিহাসিক টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের অংশ হতে পেরে আমরা আনন্দিত।” ম্যাচটি সফলভাবে আয়োজনে সহযোগিতার জন্য তিনি এমসিসি ও ইসিবিকে ধন্যবাদ জানান।

.gif)









