বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত

নতুন দিন
নতুন দিন ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৭ এএম
০Shares
অ+ অ-
বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানিকালীন দৃশ্য।

অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ চারজন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন। এর মধ্য দিয়ে এই মামলার সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষীরা সাক্ষ্য প্রদান করেন। তবে মামলার প্রধান আসামি পলাতক থাকায় তার পক্ষে আইনজীবীরা সাক্ষীদের জেরা করতে পারেননি। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২৫ নভেম্বর এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন।

আদালতে জবানবন্দি দেওয়া সাক্ষীরা হলেন—কুমিল্লা গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সৌমিত রায়, বান্দরবানের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুয়েল মজুমদার, কক্সবাজার উত্তর বিভাগের বন মামলার পরিচালক জহিরুল রহমান এবং মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম।

গত ৩ মে একই আদালত এই মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করেছিলেন। বিচার চলাকালীন গত ৭ অক্টোবর তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে একটি সম্পূরক চার্জশিট দাখিল করেন। ওই চার্জশিটে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও মেয়ের নামে দেশে এবং বিদেশে মোট ৭৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার ৮৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য উল্লেখ করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, মামলার সাক্ষ্য গ্রহণ চলাকালে যুক্তরাষ্ট্রে বেনজীরের বাড়ি কেনার নতুন তথ্য উদঘাটিত হয়। আগের চার্জশিটে বাড়ি ক্রয়ের ব্যাংক লেনদেনের তথ্য না থাকায় সম্পূরক চার্জশিট দাখিল করা হয়, যেখানে সম্পত্তির মূল্য ও সাক্ষীর সংখ্যা বৃদ্ধি পায়। মামলায় নির্ধারিত মোট ৪৭ জন সাক্ষীর সবাই নির্ধারিত সময়ে আদালতে তাদের সাক্ষ্য সম্পন্ন করেছেন।

দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মামলাটি দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপনের অভিযোগ এবং মানিলন্ডারিংয়ের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে চার্জশিট দাখিল করা হয়।

আদালতে জমা দেওয়া চার্জশিটে বলা হয়েছিল, বেনজীর আহমেদ তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর এবং ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদ প্রদর্শণ করেছিলেন। যদিও তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের প্রমাণ মেলে।

চার্জশিটের হিসাব অনুযায়ী, তার বৈধ আয়ের উৎস পাওয়া যায় ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৮৮ টাকা এবং সব ব্যয় বাদ দিয়ে নিট সঞ্চয় দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা। সে হিসেবে বেনজীর আহমেদ মোট ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, অভিযুক্ত সাবেক এই পুলিশ কর্মকর্তা অর্জিত এসব অর্থের অবৈধ উৎস, প্রকৃতি ও প্রকৃত মালিকানা গোপনের উদ্দেশ্যে তা বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান এবং যৌথ মূলধনি কোম্পানিতে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছেন।