র‌্যাঙ্কিংয়ে ফেরার লক্ষ্য নিয়ে তাইপে যাচ্ছে বাংলাদেশ রাগবি দল

নতুন দিন
নতুন দিন ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৪:৩৮ এএম
০Shares
অ+ অ-
র‌্যাঙ্কিংয়ে ফেরার লক্ষ্য নিয়ে তাইপে যাচ্ছে বাংলাদেশ রাগবি দল

আগামী ২১ ও ২২ নভেম্বর চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত হবে ‘এশিয়া রাগবি এমিরেটস সেভেন্স ট্রফি’। আন্তর্জাতিক এই আসরে অংশগ্রহণ করছে বাংলাদেশ জাতীয় পুরুষ রাগবি দল।

টুর্নামেন্টে দলের অংশগ্রহণ ও প্রস্তুতির বিস্তারিত জানাতে বুধবার দুপুরে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ রাগবি ফেডারেশন।

সংবাদ সম্মেলনে হাজির ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের সহ-সভাপতি তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার উজ জামান, জাতীয় দলের অধিনায়ক ওবায়দুর রহমান এবং টিম ম্যানেজার সাঈদ আহমেদ, দলের স্পন্সর প্রতিষ্ঠান বে গ্রুপের পরিচালক আসিফুর রহমান এবং কিট স্পন্সর সেইলরের প্রতিনিধি সাদেক হাজির ছিলেন।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তার উজ জামান টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরে জানান, “বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক র‌্যাঙ্কিং তালিকার বাইরে রয়েছে। র‌্যাঙ্কিংয়ে না থাকায় আমরা এবারের এশিয়ান গেমসে অংশ নিতে পারিনি। তাই এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে পুনরায় র‌্যাঙ্কিংয়ে প্রবেশ করাই আমাদের মূল লক্ষ্য।”

টিম ম্যানেজার সাঈদ আহমেদ জানান, এই আসরের শিরোপা জিততে পারলে বাংলাদেশের সামনে ‘এশিয়ান রাগবি এমিরেটস সিরিজে’ খেলার দরজা উন্মুক্ত হবে। পাশাপাশি পাকিস্তানে অনুষ্ঠেয় আসন্ন সাউথ এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য নিয়েও কাজ চলছে। ভবিষ্যতে দলের মানোন্নয়নে বিদেশি কোচ আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

দলের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক ওবায়দুর রহমান জানান, “অনুশীলনে দলের সবাই ফিটনেস ও টেকনিক- সবদিক থেকেই দারুণ সক্রিয় ছিল। টুর্নামেন্টে ভালো ফলাফল অর্জন করাই আমাদের সবার লক্ষ্য।”

চাইনিজ তাইপে সিটি স্টেডিয়ামে লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এই চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করছে স্বাগতিক চাইনিজ তাইপে, ফিলিপাইন ও আফগানিস্তান। আসরকে সামনে রেখে দীর্ঘ এক মাস নিবিড় অনুশীলন শেষে ১২ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

স্কোয়াডে থাকা একজন প্রবাসী খেলোয়াড় ইংল্যান্ড থেকে সরাসরি তাইপেতে দলের সঙ্গে যোগ দেবেন। এছাড়া কোচ, ম্যানেজার ও ফিজিওসহ মোট ১৪ জনের একটি বহর ঢাকা থেকে চাইনিজ তাইপের উদ্দেশ্যে রওনা দেবে।

সংবাদ সম্মেলনে রাগবি ফেডারেশনের আগামী বছরের কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়। আগামী জানুয়ারিতে নেপাল সফরে যাবে বাংলাদেশ দল।

এরপর সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ এবং বছরের শেষ দিকে ডিসেম্বরে ঢাকায় ‘এশিয়া রাগবি সেভেন্স’ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া রাগবির নিয়মিত অনুশীলন ও হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহারের জন্য সরকারের পক্ষ থেকে একটি স্টেডিয়ামের ব্যবস্থা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।