দুর্বল হয়ে উড়িষ্যার দিকে এগোচ্ছে আকভান, ৩ নম্বর সংকেত বহাল

নতুন দিন
নতুন দিন ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম
০Shares
অ+ অ-
দুর্বল হয়ে উড়িষ্যার দিকে এগোচ্ছে আকভান, ৩ নম্বর সংকেত বহাল

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ কিছুটা শক্তি হারিয়ে উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছাকাছি অতিক্রম করতে পারে।

এই পরিস্থিতির কারণে দেশের প্রধান চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে আগের মতো ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর ভৌগোলিক অবস্থান নির্ধারিত হয়েছে ১৮.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

আজ সকাল ৬টার হিসাব অনুযায়ী, ঘূর্ণিঝড়টির দূরত্ব ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৮৬৫ কিলোমিটার, মোংলা থেকে ৭০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার রেকর্ড করা হয়েছে, যা দমকা বা ঝড়ো হাওয়ার রূপ নিয়ে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঝড়ের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সমুদ্রের পরিস্থিতি অত্যন্ত উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা, সমুদ্রবন্দর ও উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে তীব্র দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।