তারেক রহমানের নেতৃত্ব ও প্রশাসনের প্রথম নয় মাসের মূল্যায়ন
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৯:৪২ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের নতুন রাজনৈতিক ও প্রশাসনিক অধ্যায়।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর নভেম্বর নাগাদ প্রশাসনের প্রায় নয় মাস পূর্ণ হয়েছে। এই সময়ে সংসদ সচল হওয়া, একটি নির্বাচিত সরকারের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতার অনুভূতি তৈরি হওয়া এবং প্রধানমন্ত্রীর তুলনামূলক সংযত ও অনাড়ম্বর জনসম্পর্কতার মতো ইতিবাচক দিকগুলো নজরে এসেছে। প্রথম ১০০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় সামাজিক নিরাপত্তা ও অবকাঠামোগত কিছু উদ্যোগও দৃশ্যমান হয়েছে। তবে প্রথম নয় মাসের অভিজ্ঞতায় প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে কিছুটা ব্যবধান রয়েছে। মূল্যস্ফীতির চাপ, কর্মসংস্থানের ধীরগতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় এখনও দুশ্চিন্তার কারণ হয়ে রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করা এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নাশকতা ও মানুষ হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার ও শক্তিশালী করাই বর্তমান সরকারের প্রতি জনগণের প্রধান প্রত্যাশা। সবার আগে বাংলাদেশ মূলমন্ত্রকে সামনে রেখে গত ৬ ফেব্রুয়ারি তারেক রহমান বিএনপির যে ২০২৬ সালের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন, তাতে পাঁচটি বৃহৎ খাতে ৫১টি অঙ্গীকার তুলে ধরা হয়। এর মধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি দমন, আইনের শাসন, জবাবদিহিতা, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন- এই নয়টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই সংস্কার কর্মসূচির কেন্দ্রে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সুদূরপ্রসারী সাংবিধানিক ও নির্বাচনী পরিবর্তন। এর মধ্যে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার প্রস্তাব অন্যতম।
সর্বগ্রাসী দুর্নীতি দেশের উন্নয়নের পথে অন্যতম প্রধান অন্তরায়। ইশতেহার ঘোষণার সময় তারেক রহমান দুর্নীতি নির্মূল, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক জবাবদিহিতে জাতীয় অগ্রগতির পূর্বশর্ত হিসেবে চিহ্নিত করেছেন। দুর্নীতিবিরোধী পদক্ষেপকে বিশ্বাসযোগ্য করতে হলে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার পাশাপাশি সরকারি ক্রয়, অবকাঠামো প্রকল্প, সরকারি নিয়োগ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় স্বচ্ছ তদারকি প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে রাজনৈতিক তদবির বা ঘুষ ছাড়াই স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নাগরিক সনদ পেতে পারেন, সে জন্য দৈনন্দিন সেবাদান ব্যবস্থার সংস্কার অপরিহার্য। এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে কড়া নির্দেশনা দিয়েছেন।
সাধারণ মানুষের কাছে সরকারের সাফল্যের প্রধান মাপকাঠি হলো অর্থনৈতিক স্থিতিশীলতা—বিশেষত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মজুরি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি। তৈরি পোশাক খাতের ওপর অতি-নির্ভরতা কমাতে বিএনপির ইশতেহারে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহায়তা, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে সম্প্রসারণ, মেক ইন বাংলাদেশ উদ্যোগের প্রসার এবং ওষুধ, কৃষি-প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি ও হালকা প্রকৌশল খাতে রপ্তানি বৈচিত্র্য আনার ওপর জোর দেওয়া হয়েছে। অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে ব্যাংকিং খাত ও আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার এখন অন্যতম প্রধান অগ্রাধিকার। খেলাপি ঋণের চাপ, মূলধন ঘাটতি এবং সুশাসনের ঘাটতি কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংকের তদারকি জোরদার করা, রাষ্ট্রীয় ও দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগগুলোকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হবে।
সামষ্টিক অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি সরকার সুনির্দিষ্ট সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলাকে অগ্রাধিকার দিয়েছে। দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যেই প্রশাসন নিম্নআয়ের পরিবারগুলোর জন্য মাসিক ২,৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সহায়তা দিতে ফ্যামিলি কার্ড এবং কৃষক, মৎস্যচাষি ও খামারিদের ভর্তুকি, স্বল্পসুদে ঋণ, শস্যবীমা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। এ ছাড়া ধর্মীয় নেতাদের সম্মানী এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। এই কর্মসূচিগুলোকে টেকসই ও কার্যকর রাখতে হলে স্থানীয় রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে স্বচ্ছ ও তথ্যভিত্তিক উপায়ে প্রকৃত উপকারভোগী নির্বাচন করতে হবে।
দীর্ঘমেয়াদি সমৃদ্ধির জন্য দেশের তরুণ প্রজন্মের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ অত্যন্ত জরুরি। ইশতেহারে ব্যবহারিক ও কর্মমুখী শিক্ষা সংস্কার, শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার, স্কুল মিল কর্মসূচি এবং নারী শিক্ষার প্রসারের পাশাপাশি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং জেলা পর্যায়ে মাতৃ, শিশু ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গ্রামীণ জীবনজীবিকা ও খাদ্য নিরাপত্তা পরিবেশ সুরক্ষা এবং সুষ্ঠু পানি ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। সেচ, নিষ্কাশন ও পানি সংরক্ষণের লক্ষ্যে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখননের যে অঙ্গীকার সরকার করেছে, প্রাথমিক মাসগুলোতেই তার কাজ শুরু হয়েছে।
সামাজিক ক্ষেত্রে দীর্ঘদিনের তীব্র রাজনৈতিক মেরুকরণ কাটিয়ে উঠতে সমান নাগরিক অধিকারের চর্চা অপরিহার্য। রাজনৈতিক প্রভাব নির্বিশেষে ধর্মীয় সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা, মর্যাদা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। একইভাবে ইশতেহারে প্রস্তাবিত ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে ও যথাযথ আইনি প্রক্রিয়া মেনে কাজ করতে হবে, যাতে প্রতিহিংসার চক্র চিরতরে বন্ধ করা যায়। আন্তর্জাতিক অঙ্গনে তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতির সাফল্য নির্ভর করবে জাতীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে বাস্তববাদী ও গঠনমূলক কূটনীতি পরিচালনার ওপর।
তারেক রহমানের প্রধানমন্ত্রিত্বের আসনে আরোহণ একটি দীর্ঘ ও কণ্টকাকীর্ণ রাজনৈতিক পথপরিক্রমার ফসল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র হিসেবে ১৯৮৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন এবং ধাপে ধাপে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব গ্রহণ করেন। তৃণমূল পর্যায়ে দল গঠন, জাতীয় নির্বাচনী প্রচারণা, কারাবরণ এবং লন্ডনে প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন, সব মিলিয়ে তাঁর রাজনৈতিক জীবন নানা চড়াই-উতরাই পেরিয়ে এসেছে। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এর মাত্র পাঁচ দিন পর মায়ের মৃত্যুর শোক সামলে ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন।
তারেক রহমানের রাজনৈতিক পরিচয় দীর্ঘকাল ধরে তাঁর বাবা-মায়ের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর পিতা জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা। অন্যদিকে তাঁর মাতা বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং কয়েক দশক ধরে দেশের গণতান্ত্রিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থেকে আনুষ্ঠানিক রাজনীতি শুরু করার পর তারেক রহমান দলের সাংগঠনিক ভিত্তি বিস্তারে কাজ করেন এবং ১৯৯১ ও ২০০১ সালের সাধারণ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০২ সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তবে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর রাজনৈতিক জীবনে বড় ধরনের বিপর্যয় নেমে আসে। ২০০৭ সালের মার্চে গ্রেপ্তার হয়ে তিনি কারাবন্দী হন এবং সেখানে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। মেরুদণ্ডের গুরুতর আঘাতের চিকিৎসার জন্য ২০০৮ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পেয়ে তিনি লন্ডনে যান এবং দীর্ঘ প্রায় ১৭ বছর প্রবাসে থেকেই দলের কৌশল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন।

.gif)









