ফিফা নির্বাচনে পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ডাক ইনফান্তিনোর

নতুন দিন
নতুন দিন ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৭:২৯ পিএম
০Shares
অ+ অ-
ফিফা নির্বাচনে পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ডাক ইনফান্তিনোর

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

আগামী ফিফা সভাপতি নির্বাচনে ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালো এবং জাপানের ফুটবল প্রশাসক কোজো তাশিমা প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। চতুর্থ মেয়াদে এই পদে লড়তে যাওয়া বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আসন্ন প্রচারণায় পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ছাপান্ন বছর বয়সী ইনফান্তিনো ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার দায়িত্বে রয়েছেন। এর আগে সাবেক সভাপতি সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হন তিনি। চলতি বছরের শুরুতে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রির একটি উদ্যোগ ভেস্তে যাওয়ার আগে ইনফান্তিনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হবেন বলেই ধারণা করা হচ্ছিল।

তবে মনোনয়ন দাখিলের শেষ সময়ের ঠিক আগে দিয়ালো ও তাশিমা প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করায় আগামী মার্চের নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। ফরাসি ফুটবল প্রধান দিয়ালো ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার সমর্থন পেয়েছেন। অন্যদিকে, তাশিমা ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। উয়েফার কিছু পদক্ষেপের পর যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে আইনি চ্যালেঞ্জের মুখেও পড়েছেন ইনফান্তিনো।

নতুন এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতিতেও পদ ধরে রাখার লড়াইয়ে ইনফান্তিনোকেই এগিয়ে রাখা হচ্ছে। ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে নির্বাচনে জয় পেতে অন্তত ১০৬টি দেশের সমর্থন প্রয়োজন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আত্মপ্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ফিফা প্রধান সবার জন্য শুভকামনা জানান।

ইনফান্তিনো বলেন, “ফিফা সভাপতি নির্বাচন আমাদের গণতান্ত্রিক ফুটবলীয় মূল্যবোধের উদযাপন। নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক প্রার্থীকে আমি শুভকামনা জানাতে চাই।”

তিনি আরও যোগ করেন, “এই নির্বাচনী সময়টা যেন ইতিবাচক চিন্তা ও ধারণার সময় হয়, যা আমাদের বিশ্ব ফুটবলের উন্নতিতে ভূমিকা রাখবে। পুরো প্রক্রিয়া যেন সম্মান, শ্রদ্ধা ও ন্যায্যতার চেতনায় পরিচালিত হয়, যে চেতনা আমাদের খেলাটির মূল ভিত্তি।”

আগামী ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার ৭৭তম কংগ্রেসে এই সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।