সংগ্রাম থেকে রাষ্ট্র পরিচালনায় তারেক রহমান: রাজনৈতিক অভিযাত্রা ও দেশের ভবিষ্যৎ
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৩:৫৫ পিএম
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক পথচলা ও দেশ পুনর্গঠনের দিকনির্দেশনা। সূত্র: বার্তা প্রতিদিন
রাজনীতিতে নেতৃত্বের মূল্যায়ন কেবল পদ-পদবি, ক্ষমতায়ন কিংবা রাজনৈতিক সাফল্যের নিরিখে হয় না। একজন রাজনৈতিক নেতার প্রকৃত সত্তা ফুটে ওঠে তাঁর দীর্ঘ লড়াই, প্রতিকূলতার মুখে অবিচল অবস্থান, সাংগঠনিক দক্ষতা, দূরদর্শিতা এবং দেশ ও সমাজ সম্পর্কিত দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক পথচলাকে বিশ্লেষণ করতে হলে এসব দিক একইভাবে বিবেচনা করা জরুরি। ২০ নভেম্বর তাঁর জন্মদিনে তাঁর এই দীর্ঘ সংগ্রাম, নেতৃত্বের বিকাশ ও রাষ্ট্রচিন্তার পথ পরিক্রমা নতুন করে মূল্যায়নের সুযোগ এনে দেয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তাঁর রাজনীতির সূত্রপাত এক ঐতিহাসিক ও পারিবারিক পরিবেশে। তবে কেবল পারিবারিক পরিচয়েই তাঁর রাজনৈতিক পথ সীমাবদ্ধ ছিল না। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রাক্কালে মায়ের সঙ্গে তিনি রাজপথের রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থেকে বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়ে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক জীবনের সূচনা। ১৯৯০-এর গণ-আন্দোলন, ১৯৯১-এর নির্বাচন এবং পরবর্তীতে দলীয় সাংগঠনিক কর্মকাণে তাঁর অংশগ্রহণ তাঁকে মাঠপর্যায়ের বাস্তবতার কাছাকাছি নিয়ে যায়।
তারেক রহমানের নেতৃত্বের একটি উল্লেখযোগ্য দিক ছিল দলীয় তৃণমূলকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো। বগুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের উদ্যোগ রাজনীতিতে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার এক অনন্য উদাহরণ। ২০০১ সালের নির্বাচনের আগে স্থানীয় নানা সংকট, সুশাসন ও জনস্বার্থের নানা বিষয় নিয়ে মতবিনিময় এবং গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করেন তিনি। ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব নিয়ে তৃণমূলের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ জোরদারে কার্যকর ভূমিকা রাখেন। ২০০৫ সালের তৃণমূল সম্মেলনের মাধ্যমে সারাদেশের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন তাঁর সাংগঠনিক অবস্থানকে আরও সুদৃঢ় করে।
তবে এই রাজনৈতিক সফর কখনোই মসৃণ ছিল না। ২০০৭ সালের ১১ জানুয়ারির পটপরিবর্তনের পর তৎকালীন অসামরিক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৭ মার্চ ভিত্তিহীন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। কারান্তরালে থাকার সময় তাঁর ওপর চলে কঠোর শারীরিক নির্যাতন। ২০০৮ সালের ৯ জানুয়ারি আদালতে উপস্থিত হয়ে তিনি নিজেই রিমান্ডে নির্যাতনের কথা জানিয়ে সুরক্ষার আবেদন করেছিলেন। আইনজীবীরাও তাঁর মেরুদণ্ডে গুরুতর আঘাতের তথ্য তুলে ধরেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজনে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তাঁকে লন্ডনে যেতে হয়। চিকিৎসার জন্য এই সাময়িক যাত্রা শেষ পর্যন্ত ১৭ বছরের দীর্ঘ নির্বাসনে রূপ নেয়। এই দীর্ঘ সময়ে ছোট ভাই আরাফাত রহমান কোকোর অকালপ্রয়াণ, মা বেগম খালেদা জিয়ার কারাবাসসহ পরিবারকে নানা সংঙ্কট ও বেদনার মুখোমুখি হতে হয়।
দেশের বাইরে অবস্থান করেও ভৌগোলিক দূরত্ব তাঁর রাজনৈতিক সম্পৃক্ততায় বাধা হতে পারেনি। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হলে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব সামলান। মামলা, গ্রেপ্তার ও রাষ্ট্রীয় চাপের মুখেও দেশের একটি বৃহত্ দলকে ঐক্যবদ্ধ রাখা ছিল কঠিন পরীক্ষা। তিনি তথ্যপ্রযুক্তির সহায়তা, নিয়মিত দিকনির্দেশনা ও কর্মসূচি প্রণয়ন করে আন্দোলনকে গতিশীল রাখেন। আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে নিতে ২০২৩ সালের ১২ জুলাই ঘোষিত এক দফা কর্মসূচি এবং পরবর্তীতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা দেন তিনি। এই রূপরেখায় প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, সংবিধান, বিচার বিভাগ, অর্থনীতি ও প্রশাসনিক ব্যবস্থার আমূল সংস্কারের প্রস্তাব রাখা হয়।
২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানেও তাঁর রাজনৈতিক ভূমিকা ছিল লক্ষণীয়। শিক্ষার্থীদের আন্দোলন দমন-পীড়নের মুখে পড়লে তিনি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিভিন্ন যৌথ বিবৃতি ও বার্তার মাধ্যমে তিনি আন্দোলনকে জোরালো সমর্থন দেন। এর পাশাপাশি বিএনপির তৎকালীন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২০২৫ সালের জুনে এক বক্তব্যে উল্লেখ করেছিলেন যে, শিক্ষার্থীরা কর্মসূচি ঘোষণা করলেই তারেক রহমান লন্ডন থেকে দলীয় নেতাকর্মীদের তা সফল করার দিকনির্দেশনা দিতেন। ফলে বিএনপির সমগ্র সাংগঠনিক শক্তি আন্দোলন পরিচালনায় সক্রিয় হয়ে ওঠে।
১৭ বছরের দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঘটে। পরবর্তীতে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিপুল বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন ও সংস্কার প্রস্তাবের পর এখন দায়িত্ব এসেছে রাষ্ট্র পরিচালন ব্যবস্থার। রাষ্ট্রচিন্তায় অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান ও রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোকে প্রাধান্য দিচ্ছেন তিনি। তাঁর ঘোষিত 'থ্রি-আর' (রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন) রূপরেখায় অর্থনৈতিক উদ্ধার ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির পথ স্পষ্ট করা হয়েছে।
প্রান্তিক জনগোষ্ঠী ও কৃষকদের স্বাবলম্বী করতে 'ফ্যামিলি কার্ড' ও 'কৃষক কার্ড'-এর মতো যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষিঋণ মওকুফ, খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মধ্যাহ্নভোজ ও পোশাক, শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দ এবং ই-হেলথ কার্ড চালুর মতো কল্যাণমুখী নীতি বাস্তবায়িত হচ্ছে। তরুণ ও নারী উদ্যোক্তাদের সহায়তা, শিল্প করিডর ও মোংলা বন্দরের আধুনিকায়নের পাশাপাশি জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছেন তিনি। একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এই রাজনৈতিক দূরদর্শিতা দেশের ভবিষ্যৎ পুনর্গঠনে বিশেষ ভূমিকা রাখছে।

.gif)









