উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক নানা প্রতিযোগিতার নামকরণে সরকারপ্রধান এবং তাদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারের প্রচলন রয়েছে। সেই ধারা নিয়ন্ত্রণে এবার নতুন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এখন থেকে যেকোনো ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের নামকরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে হলে বাধ্যতামূলকভাবে সরকারের পূর্বানুমোদন নিতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে সম্প্রতি এসংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত ওই নির্দেশনায় স্পষ্ট জানানো হয়েছে যে, সরকারের পূর্বানুমোদন ছাড়া জিয়া পরিবারের সদস্যদের নামে কোনো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা যাবে না। জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন সব ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বিভিন্ন সংস্থা, স্থানীয় ক্রীড়া সংস্থা এবং তাদের অধীনস্থ ক্লাবগুলোর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। টুর্নামেন্টের নামকরণের পাশাপাশি প্রতিযোগিতাসংক্রান্ত যেকোনো প্রচার-প্রচারণাতেও এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।
ইতিমধ্যেই সরকারের এই সিদ্ধান্তের বিষয়টি দেশের সকল ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন, জেলা ক্রীড়া কর্মকর্তা, বিভিন্ন বোর্ড, সংস্থা এবং জেলা ক্রীড়া সংস্থাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সংশ্লিষ্ট সবাইকে অননুমোদিত এ ধরনের আয়োজন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।