উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আইসিসির আচরণবিধি ভঙ্গের কারণে শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়। গত বুধবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।
খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তাকারী কর্মীদের জন্য প্রণীত আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়। জরিমানার পাশাপাশি তার শৃঙ্খলা রেকর্ডে দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম কোনো অপরাধ।
খারাপ আলোর কারণে খেলা স্থগিত হওয়ার পর এই অনভিপ্রেত ঘটনাটি ঘটে। ওই সময় মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হৃদয় তাদের সিদ্ধান্তের সমালোচনা করেন। তার দাবি ছিল, খেলাটি আরও আগেই বন্ধ করা প্রয়োজন ছিল। সে সময় ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে তিনি আক্রমণাত্মক ও অশোভন ভঙ্গিতে কথা বলেন, যা পরবর্তীতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গড়ায়।
অবশ্য হৃদয় নিজের ভুল স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির এমিরেটস এলিট প্যানেল অব ম্যাচ রেফারিজের সদস্য অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি কোনো আনুষ্ঠানিক শুনানি ছাড়াই মেনে নেন।
আইসিসির নির্ধারিত নিয়ম অনুযায়ী, লেভেল-১ মাত্রার অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি হিসেবে আনুষ্ঠানিক তিরস্কার করা হয়ে থাকে। আর সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।