উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ আট বছরের দায়িত্বকাল শেষ করে জাপানি জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হাজিমে মরিয়াসু। ঐতিহাসিক কিছু জয় উপহার দিলেও দলকে কোনো শিরোপা জেতাতে না পারায় তার উত্তরাধিকার নিয়ে ফুটবল বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর জাপানের ডাগআউটের দায়িত্ব নেন মরিয়াসু। এর আগে তিনি সানফ্রেচে হিরোশিমার হয়ে তিনবার জে-লিগ শিরোপা জয় করেছিলেন। আন্তর্জাতিক ফুটবল থেকে কেইসুকে হোন্ডা ও মাকোতো হাসেবের অবসরের পর অভিজ্ঞতানির্ভর পুরোনো দলটি ভেঙে নতুন করে স্কোয়াড গঠন করেন তিনি।
২০২২ সালের কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে গ্রুপ পর্বে হারিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল তার দল। এছাড়া তার অধীনে প্রীতি ম্যাচে প্রথমবারের মতো ব্রাজিল ও ইংল্যান্ডের বিপক্ষেও জয় পায় জাপান। তবে দুইবার বিশ্বকাপ খেললেও নকআউট পর্বের বাধা পার হতে পারেনি তার দল। শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে এবং পরবর্তীতে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয় জাপানের। এশিয়ান কাপেও তার অধীনে প্রত্যাশিত সাফল্য আসেনি; ২০১৯ সালের ফাইনালে কাতারের কাছে হারের পর ২০২৪ সালে কোয়ার্টার ফাইনালে ইরানের কাছে হেরে বিদায় নেয় দলটি। এশিয়ার সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দলের জন্য এই ফলাফলগুলো ছিল আশানুরূপ নয়। ২০২১ সালের টোকিও অলিম্পিকে অবশ্য জাপানি দলকে চতুর্থ স্থানে নিয়ে গিয়েছিলেন এই কোচ।
ফুটবল বিশ্লেষকদের মতে, মরিয়াসুর সবচেয়ে বড় অবদান হলো জাপানি ফুটবলের নিজস্ব একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তোলা। এই বিষয়ে এক বিশ্লেষক বলেন, “তিনি এমন একটি ভিত্তি তৈরি করেছেন, যার ফলে দলটি সামনে থেকে প্রতিপক্ষকে চাপ দিতে পারে, রক্ষণে একে অপরকে সহায়তা করে এবং কখনোই ঢিলেমি দেয় না।”
অন্য একজন ফুটবল বিশেষজ্ঞ উল্লেখ করেন, মরিয়াসুর সবচেয়ে বড় অর্জন এমন একটি দল গড়ে তোলা, ‘যেটি নিজে থেকেই চলতে পারে’। তিনি আরও বলেন, “দলটি কোনো একজন ক্যারিশম্যাটিক কোচের কৌশলের ওপর নির্ভরশীল নয়। কোচিং স্টাফ কৌশল নির্ধারণ করে দেন, আর মাঠে খেলোয়াড়েরা নিজেরাই সমাধান খুঁজে নেয়। জাপানের ফুটবলের জন্য এটি খুবই টেকসই একটি উত্তরাধিকার। দায়িত্বে যিনিই থাকুন না কেন, এই ধারা অব্যাহত থাকবে।” “শুধু জাতীয় দলেই নয়, বয়সভিত্তিক দল ও নারী দলগুলোতেও এই ধারা প্রতিষ্ঠিত হয়েছে।”
মঙ্গলবার সিঙ্গাপুরে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে প্রীতি ম্যাচে হার দিয়ে ইতি টানল মরিয়াসুর অধ্যায়। এর মাত্র কয়েক দিন আগেই ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল তার দল। আগামী জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ পর্যন্ত তার দায়িত্বে থাকার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার কারণে টুর্নামেন্টটি পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে নেওয়া হয়েছে।
আগামী মার্চের ম্যাচগুলোর আগেই প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ গো ওইওয়া। ২০২১ সাল থেকে এই দায়িত্ব পালন করা ওইওয়ার কাজের পদ্ধতির সঙ্গে মরিয়াসুরের মিল রয়েছে। এদিকে জাপানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মরিয়াসু পুনরায় জে-লিগে ফিরতে পারেন অথবা বেলজিয়ামের ক্লাব সিন্ট-ট্রুইডেনের মতো বিদেশি ক্লাবে কোচিংয়ের সুযোগ খুঁজতে পারেন।