উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভবিষ্যতের তারকা হিসেবে পরিচিত কিশোর ফুটবলার জেজে গ্যাব্রিয়েল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানিয়েছেন। আগামীতে রিয়াল মাদ্রিদে তার যোগ দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ১৬ বছর বয়সী এই খেলোয়াড় গত সেপ্টেম্বরে সবাইকে চমকে দিয়ে ক্লাবটির সঙ্গে নিজের রেজিস্ট্রেশন বাতিলের আবেদন করেন। নিজের ১৬তম জন্মদিনের ঠিক এক মাস আগেই এই বড় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রিমিয়ার লিগের এই ক্লাবটির মূল দলের হয়ে এখনো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিদায়ী এক ভিডিও বার্তায় জেজে গ্যাব্রিয়েল বলেছেন, “আপনারা আমাকে এমন কিছু মুহূর্ত উপহার দিয়েছেন, যা আমি সব সময় মনে রাখব। প্রত্যেক কোচ ও স্টাফ সদস্য, সতীর্থ এবং যারা আমাকে সমর্থন করেছেন আমার ওপর বিশ্বাস রাখার এবং বেড়ে উঠতে সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ।”
তিনি আরও যোগ করেন, “জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সব সময় আমার গল্পের অংশ হয়ে থাকবে।”
আসছে জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে এই তরুণ প্রতিভাকে নিজেদের স্কোয়াডে ভেড়াতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ইতোমধ্যে সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। উল্লেখ্য, সাবেক আইরিশ আন্তর্জাতিক ফুটবলার জো ও'সেরুইলের ছেলে গ্যাব্রিয়েল গত মৌসুমে ইউনাইটেড একাডেমির বর্ষসেরা খেলোয়াড়ের সম্মান অর্জন করেছিলেন। তাকে দ্রুতই মূল দলে যুক্ত করার পরিকল্পনা ছিল ক্লাব কর্তৃপক্ষের। গত আগস্টে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এক প্রীতি ম্যাচে অভিষেক হওয়ার পর সেপ্টেম্বরে লিগ কাপে ব্রাইটনের বিপক্ষে মাঠে নেমে ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়ার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু ঐতিহাসিক সেই ম্যাচের আগের দিনই ক্লাব ছেড়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন এই তরুণ।