উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০১৮ সালের বল টেম্পারিং বিতর্ক নিয়ে পুনরায় কোনো তদন্ত পরিচালনা না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সম্পৃক্ত ক্রিকেটারদের নিজেদের অভিজ্ঞতা ও বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে একটি নিরপেক্ষ ফোরাম গঠনের উদ্যোগ গ্রহণ করেছে দেশের ক্রিকেট পরিচালনা পর্ষদ। দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে বিষয়টিকে একটি নতুন পথচলা হিসেবে বিবেচনা করছে তারা।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় ডেভিড ওয়ার্নার মন্তব্য করেন, “আমি একটি উন্মুক্ত তদন্ত চেয়েছিলাম। সে সময় যারা সেখানে ছিলেন, তারা যেন সামনে এসে নিজেদের কথা বলতে পারেন, সেটাই প্রত্যাশা ছিল।” সংশ্লিষ্টদের ওপর নতুন করে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অনুচিত বলে মনে করেন ওয়ার্নার। তবে একটি খোলামেলা তদন্তের পক্ষে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।
আট বছর আগে কেপটাউনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের সেই অপ্রীতিকর ঘটনা নিয়ে সুপ্ত অসন্তোষ আবারও তীব্র আকার ধারণ করে সম্প্রতি উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর। ওই বইয়ে খাজা দাবি করেন, বলের সুইং বাড়ানোর উদ্দেশ্যে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির ছক সম্পর্কে পুরো স্কোয়াডের সবাই ওয়াকিবহাল ছিল। যদিও বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।
ঘটনাপ্রবাহের ওই সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক তদন্তে জানানো হয়েছিল যে, কেবল তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটই পুরো পরিকল্পনা সম্পর্কে অবহিত ছিলেন। সেই সময় দেশজুড়ে সমালোচনার মুখে তিনজনকে দেশে ডেকে পাঠানো হয় এবং ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। খাজার সাম্প্রতিক বক্তব্যকে সমর্থন জানিয়ে ওয়ার্নার গত সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়ার পূর্বের তদন্ত প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ হিসেবে অভিহিত করেন। তার অভিযোগ ছিল, দলের সব সদস্যের সঙ্গে যথাযথ আলোচনা করা হয়নি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানান, গত সপ্তাহটি অস্ট্রেলিয়ার ক্রিকেট এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ও অস্বস্তিকর ছিল। তবে ইংল্যান্ডের বিপক্ষে দলের সীমিত ওভারের ম্যাচের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গ্রিনবার্গ স্পষ্ট জানিয়ে দেন যে, অতীতের তদন্ত পর্বের সমাপ্তি ঘটেছে। এছাড়া গোপনীয়তা বজায় রাখার স্বার্থে তৎকালীন তদন্ত প্রতিবেদন প্রকাশ্যে আনার সম্ভাবনাও তিনি সরাসরি খারিজ করে দেন।
এর বিকল্প হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন জানান, সম্ভবত আদালতের কোনো সাবেক বিচারকের নেতৃত্বে একটি স্বতন্ত্র ফোরাম গঠন করা হতে পারে। তবে এই পর্ষদের মাধ্যমে নতুন করে কাউকেই শাস্তির মুখোমুখি করা হবে না। ডেভিড বুন উল্লেখ করেন, দক্ষিণ আফ্রিকায় ঘটে যাওয়া সেই অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত খেলোয়াড় ও কর্মকর্তাদের নিজ নিজ অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি খোলামেলে তুলে ধরার সুযোগ করে দিতেই এই ফোরাম গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে সার্বিক দিক বিবেচনা করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
টড গ্রিনবার্গ আরও বলেন, “আমরা মনে করি, এবার পরিস্থিতির পরিবর্তন হওয়া প্রয়োজন। অতীতের ঘটনার বিচার বা পুনর্বিচার করা এই উদ্যোগের উদ্দেশ্য নয়। বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের কথা বলার সুযোগ করে দেওয়াই এর লক্ষ্য।”
“অস্ট্রেলিয়ার ক্রিকেট ঐক্যবদ্ধ থাকলে সবচেয়ে শক্তিশালী হয়। বোঝাপড়া, সম্মান ও সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এগিয়ে যেতে সম্ভাব্য সব যুক্তিসংগত চেষ্টা করা আমাদের দায়িত্ব। যারা ক্রিকেটকে ভালোবাসেন, তাদের সবার কাছে আমাদের এই দায় রয়েছে।”
ফোরামের আলোচনার বিষয়বস্তু সর্বসমক্ষে আনা হবে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে আগামী এক মাসের মধ্যে এই পর্ষদের সমস্ত কার্যক্রম সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা।
গ্রিনবার্গ যোগ করেন, “যারা সামনে এসে কথা বলবেন, তাদের গোপনীয়তা রক্ষা করার পাশাপাশি যতটা স্বচ্ছ থাকার চেষ্টা করা সম্ভব, আমরা সেটাই করব।”
উসমান খাজার সাম্প্রতিক বক্তব্যকে সমর্থন জানানোয় ওয়ার্নারকে সন্তুষ্ট করার জন্যই মূলত এই পর্ষদ গঠন করা হচ্ছে—এমন ধারণা জোরালোভাবে প্রত্যাখ্যান করেন গ্রিনবার্গ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য এটি করা হচ্ছে না। বিষয়টি খেলার, পুরো ক্রীড়াঙ্গনের।”
তিনি আরও বলেন, “কোনো না কোনোভাবে খেলাটিকে এই পরিস্থিতি থেকে সামনে এগিয়ে যেতে হবে। ঘটনাগুলো আট বছর আগের। এগুলো তখন অনেক মানুষের জন্য প্রচন্ড কষ্ট ও বেদনার কারণ হয়েছিল, এখন আবারও সেই পরিস্থিতি তৈরি হচ্ছে।”
“একপর্যায়ে আমাদের সামনে এগোতেই হবে। আর প্রয়োজনীয় কিছু পদক্ষেপ না নিয়ে আমরা তা করতে পারব না।”
“বিষয়টি শাস্তির নয়। এটি স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন। সে সময় খেলোয়াড় ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সংস্কৃতি কেমন ছিল, তা নিয়ে টড সংস্থার পক্ষ থেকে স্বীকার করেছেন।”
এদিকে ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালনকালে উসমান খাজা সংশ্লিষ্ট সবার খোলামেলা আলোচনার জন্য একটি নিরাপদ পরিবেশ সৃষ্টির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তবে পুরো কার্যক্রমটি রুদ্ধদ্বার পরিসরে সম্পন্ন হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন এই ব্যাটার।
খাজা বলেন, “আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কী প্রকাশ করা হবে, সেই সিদ্ধান্ত নেবে বোর্ড।”
“মানুষ যা বলেছে, তা প্রকাশের চেষ্টা করা কীভাবে একটি কার্যকর পদ্ধতি হতে পারে?”
“আমি সেখানে গিয়ে কিছু বলতে পারি, কিন্তু পরে বোর্ড সিদ্ধান্ত নিতে পারে যে তারা সেটি প্রকাশ করবে না।”