ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার
ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার
ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার
মি. সিমরান (স্টাফ রিপোর্টার):
ঢাকার ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকায় নিখোঁজের তিন দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ছোট চন্দ্রাইল এলাকার একটি মাছের খামারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহের পরিচয় পাওয়া গেছে হৃদয় হাসান (২৪) নামে এক তরুণ হিসেবে। তিনি সৈয়দপুর জেলার সদর থানার নিয়ামতপুর এলাকার মো. চান মিয়ার ছেলে। পেশায় রডমিস্ত্রি হৃদয় তার পরিবারসহ দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে ধামরাইয়ের চন্দ্রাইল এলাকায় ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, হৃদয় তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যদের খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার সকালে একটি মাছের ঘেরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি রহস্যজনক। কীভাবে হৃদয়ের মৃত্যু হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

